সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

নবাবগঞ্জে গোল্লা বালিকা বিদ্যালয়ে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ থেকে:: ঢাকার নবাবগঞ্জের ২৩ নং গোল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ জুলাই মহাকবি কায়কোবাদের কালজয়ী ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলো- জান্নাতুল রহমান (এমা), অনন্যা পাল, ধারা পাল, উম্মে উসাইয়া, আফিয়া আক্তার, শ্রেষ্ঠা বনিক, প্রতিক্ষা বাইন পাখি, রোশনী গুলশান, দিপীকা মন্ডল, রিমি মন্ডল এবং ছামিয়া সুলতানা।

প্রতিযোগিতায় আবৃত্তি প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে জান্নাতুল রহমান (এমা), দ্বিতীয় স্থান অর্জন করে অনন্যা পাল এবং তৃতীয় স্থান লাভ করে ধারা পাল।

বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও প্রধান শিক্ষক কিশোর কুমার রায়-এর দিকনির্দেশনা এবং সহকারী শিক্ষক কমল চন্দ্র সরকার, সুজাতা সরকার, সঞ্চিতা সাহা, আফরিন জাহান, শারমিন আক্তার, মীর জাবির আলী, সোনিয়া আক্তার ও রোজমেরী গমেজ-এর নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ‘পল্লবি কচি-কাঁচার মেলা’ সদস্য আবির হোসেন অনিক।

প্রধান শিক্ষক বক্তব্যে বলেন, মহাকবি কায়কোবাদের ‘আজান’ কবিতার অসাম্প্রদায়িক চেতনা ও চিরন্তন ভাবাবেগ শিশুদের মেধা বিকাশে দারুণ প্রেরণা যোগায়। আজকের ক্ষুদে শিক্ষার্থীদের স্পষ্ট উচ্চারণ, আবেগ ও উপস্থাপনা প্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে এরা অনেক দূর এগিয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি বিদ্যালয়ের পরিবেশকে শিশুবান্ধব ও আনন্দময় রাখতে, যেন পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও আমাদের মেয়েরা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে।”

ফ্রান্স প্রবাসী প্রিতম মন্ডলের একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দূর পরবাসে থাকলেও নিজের জন্মভূমি ও শৈশবের বিদ্যাপীঠের যেকোনো সুসংবাদ আমাকে গভীরভাবে স্পর্শ করে। ২৩ নং গোল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষকদের আমার আন্তরিক শ্রদ্ধা ও সকল বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা। প্রবাসে থেকেও আমি সবসময় আমাদের এই সোনামণিদের সুন্দর ভবিষ্যতের সাফল্য কামনা করি।”

সব মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে ২৩ নং গোল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই আয়োজনটি একটি স্মরণীয় ও উৎসবমুখর অনুষ্ঠানে রূপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com