সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

তিস্তা ব্যারাজে দর্শনার্থীকে উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগে আটক-৩

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকায় রেদওয়ান আলী নামে এক প্রভাষক ও তার ছোট বোনকে আটকিয়ে উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের পাশ থেকে সাংবাদিকদের সহযোগিতায় তাদের আটক করে দোয়ানী ফাঁড়ি পুলিশ। মামলা দায়ের পর পরই আটক তিন জনকে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট এলাকার খলিলুর রহমানের পূত্র আসাদুজ্জামান আকাশ, কাজীরহাট পন্তাপাড়া এলাকার আব্দুস ছামাদের মামুনুর রশিদ ও পশ্চিম বালাগ্রাম এলাকার তহিদুল ইসলামের পূত্র মাসুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক রেদওয়ান আলী তার মামাতো বোনকে নিয়ে তিস্তা ব্যারাজ ঘুরতে আসে। তাদেরকে আটকিয়ে ৪ যুবক প্রথমত উক্ত প্রভাষকের মানিব্যাগ ছিনতাই করে নেয়। পরে তার ছোট বোনকেও উত্ত্যক্ত করে। বিষয়টি দেখতে পেয়ে দোয়ানী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক ও হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ উপস্থিত সাংবাদিকরা এগিয়ে আসলে ওই ৪ ছিনতাইকারী পালিয়ে যেতে চেষ্টা করেন। পরে পুলিশ ও সাংবাদিক ধাওয়া করে তাদের ৩ জনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই প্রভাষকের ছোট বোন রাতেই বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৩ ছিনতাইকারীকে বিকেলের পর পরই লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com