সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

তিন বছরেও চালু হয়নি ইসলামপুরে মা ও শিশু কল্যান কেন্দ্র

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে তিন বছরেও চালু হয়নি উপজেলার একমাত্র মা ও শিশু কল্যান কেন্দ্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মানের পর থেকেই অকেজো অবস্থায় পরে রয়েছে। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হলেও ভবনটি এখনো উদ্বোধন হয়নি। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মা ও শিশু রোগীরা।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে সেটি স্বাস্থ্য বিভাগের অধীনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের আশার প্রতিফলন মা ও শিশু কল্যান কেন্দ্রটিতে সেবা চলমান না থাকায় বাধ্য হয়ে ছুটছেন জেলা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে।

ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুসমিতা দত্ত বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে। একজন ভিজিটর কাজ করছে। তবে ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দ্রুতই উদ্বোধন হবে আশা রাখছি।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী সরুফা বেগমর স্বজনরা বলেন, রোগীকে সিজার করাতে জরুরী ভাবে জামালপুর জেলা সদরে নিতে হচ্ছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি যদি চালু থাকত, তা হলে আমাদের এই ঝামেলা পোহাতে হতো না। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সতো নামে মাত্র। এখানে শয্যা ও ডাক্তার দুটোই কম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের এ বিষয়ে বলেন, যদিও এটার দ্বায়িত্ব আামাদের নয়। তবে এটি চালু হলে মা ও শিশুদের সেবার মান অনেক বৃদ্ধি হতো। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যমুনা ব্রহ্মপুত্র বেস্টিত ইসলামপুর উপজেলাবাসী হাসপাতালটি চালুর দাবি জানিয়ে বলেন, মা ও শিশু কল্যান কেন্দ্রটি দ্রুত চালু হওয়ার দরকার। শিশুর চিকিৎসা বিলম্বিত হওয়া মানেই জীবন নিয়ে ঝুঁকি। তাই দ্রুত এই কেন্দ্রের কার্যক্রম শুরু হলে ভোগান্তি থেকে রক্ষা পাবে ইসলামপুরবাসী।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com