বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা সরকারের

ছবি; সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বিভাগীয় পর্যায়ের সভায় জেলা এবং জেলা পর্যায়ের সভায় উপজেলা কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সরকারি যানবাহনের জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com