সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ

মেহেরপুর সংবাদদাতা:: জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (৪ মে) সকাল থেকে এই রুটে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

‘গোল্ডেন ট্রাভেলস’ নামে একটি বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে রবিবার (৩ মে) বিকেল থেকে ধর্মঘটের ডাক দেন নেতারা।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। আমঝুপি এলাকায় একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায় বাসটি। মোটরসাইকেল আরোহী আমঝুপি গ্রামের রাব্বি গাড়ি থামিয়ে বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজার শাকিবকে মারধর করেন। এরই প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

তিনি আরো জানান, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বিষয়টি সমাধান না হলে জেলার আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাতেও সমাধান না হলে প্রয়োজনে দূরপাল্লার সব পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, “বাস চলাচলের জন্য মালিক ও শ্রমিকদের সাথে আলাপ-আলোচনা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com