সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংসার ভাঙছে পাকিস্তানি তারকা দম্পতির

বিনোদন ডেস্ক:: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান ব্যক্তিগত জীবনে অভিনেতা-প্রযোজক দানিশ তৈমুরের সঙ্গে ঘর বেঁধেছেন। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এই তারকা দম্পতির এক যুগের সংসার। আর এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রী আয়েজা খান তার ইনস্টাগ্রাম থেকে পারিবারিক ছবিগুলো মুছে ফেলেছেন। মূলত, এ বিষয়কে কেন্দ্র করে আয়েজা-দানিশের সংসার ভাঙার গুঞ্জন মাথাচাড়া দিয়ে ‍ওঠে। এরপর তাদের বিচ্ছেদের আলোচনা জোরালো হতে থাকে। নেটিজেনদের অনেকে তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করতে থাকেন।

নেটিজেনদের একজন লেখেন, আমার মনে হয়, আয়েজা ও দানিশের ডিভোর্স হয়েছে। আশা করি, এটা সত্যি নয়। প্রিয় তারকার বিচ্ছেদের গুঞ্জনে উদ্বিগ্ন অন্য একজন লেখেন, দানিশ ও সন্তানদের সঙ্গে তোলা সব পারিবারিক ছবি, এমনকি ভাইয়ের বিয়ের ছবিও মুছে ফেলেছেন আয়েজা। আল্লাহ যেন দানিশের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করেন। তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা তারাই ভালো জানেন। আল্লাহ তাদের পবিত্রতা ও ভালোবাসার সঙ্গে সঠিক পথ দেখান। আমিন।

কয়েক দিন আগে স্লিভলেস পোশাক পরে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আয়েজা। বিষয়টি টেনে একজন মন্তব্য করেন, আমার মনে হয়, আয়েজা শ্বশুরবাড়ির প্রভাব থেকে মুক্ত হতে চলেছেন। কারণ আগে কখনো এ ধরনের পোশাক পরতেন না তিনি। দানিশের পরিবারও এ ধরনের নয়। অন্যজন লেখেন, কিছু একটা গড়বড় আছে।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দানিশ-আয়েজার বিচ্ছেদের গুঞ্জনের আগুন বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন দানিশ। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডেইলি জাং-কে তিনি বলেন, আমরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছি।

দানিশ মনে করেন, কিছু মানুষ তাদের নিয়ে ঈর্ষা করেন। তার ভাষায়-আয়েজা আমার প্রিয় সন্তানদের মা এবং আমার জীবনসঙ্গী। মনে হচ্ছে, কিছু মানুষ আমাদের সুন্দর জীবনটা সহ্য করতে পারছেন না।

অনলাইনে ছড়িয়ে পড়া গুঞ্জনের দিকে মনোযোগ দিতে নারাজ দানিশ। বরং পেশাগত কাজ নিয়েই পুরোপুরি ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

২০০৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান দানিশ ও আয়েজা। দীর্ঘ ৮ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০১৪ সালের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। চলতি মাসে দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। ২০১৫ সালে জন্মগ্রহণ করে মেয়ে হুরিন। ২০১৭ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র রায়ান।

আয়েজা খান ও দানিশ তৈমুর একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে—‘জব উই ওয়েড’, ‘মেহারপোশ’, ‘চাঁদ তারা’ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com