বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
আন্তর্জতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত ৮ মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী । এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন । এই ৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ৭ জনকে মুক্ত করেছে ইসরাইল । অথচ আলোচনার মাধ্যমে তারা ১০০ জনেরও বেশি ইসরাইলিকে মুক্ত করতে পেরেছে ।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার বিষয় নিয়ে আল-জাজিরার সাথে কথা বলেছিলেন ।
তিনি বলেন, চার বন্দীকে উদ্ধার করতে যেয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এ শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ।
তিনি আরো বলেন, এই উদ্ধার অভিযানের অর্থ হলো ইসরাইলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছে । যেখানে আলোচনার মাধ্যমে এক শ’রও বেশি মুক্তি পেয়েছে ।
কেনেথ বলেন, এ থেকে বুঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব । কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না ।
কেনেথ আরো বলেন, ‘নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার ।
তিনি বলেন, একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে, ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে । এজন্য তিনি যুদ্ধবিরতি চান না ।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায় । এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে । এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে ।
এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে । গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু ।