রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের অন্তত ৬টি সূত্র দেশটির জাতীয় দৈনিক কমেরসান্তকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের এক কর্মকর্তা দৈনিক কমেরসান্তকে বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের উপদেষ্টারা আগামী নির্বাচনে তার অংশগ্রহণ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজ শুরু করেছেন।

অপর চারটি সূত্রও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির অন্যতম শীর্ষ এজেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজনীতিতে আসেন ১৯৯৪ সালে। তার তিন বছর আগেই অবশ্য এক সামরিক অভ্যুত্থানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ১৯৯৪ সালে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের ডেপুটি মেয়র হন পুতিন।

তারপর ১৯৯৬ সালে সেন্ট পিটার্সবুর্গ ছেড়ে মস্কোতে এসে কর্মকর্তা হিসেবে ক্রেমলিনে যোগ দেন। ২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসীন পদত্যাগ করার পর রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন। পরে ওই বছরের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হন তিনি।

মূলত ২০০০ সালের নির্বাচনের পর ‘পুতিন যুগে’ প্রবেশ করে রাশিয়া। এই মুহূর্তে রাশিয়ায় একটানা সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার রেকর্ডটি পুতিনের দখলে। গত ২৩ বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। যদি ২০২৪ সালের নির্বাচনে তিনি জিতে যান, সেক্ষেত্রে আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদটি তার জন্য সুরক্ষিত থাকবে।

আর নির্বাচনে দাঁড়ালে পরাজিত হওয়ার সম্ভাবনাও তার প্রায় নেই। কারণ প্রথমত, বর্তমানে পুতিনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন— এমন কোনো জনপ্রিয় নেতা এই মুহূর্তে রাশিয়ায় নেই এবং সম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, রাশিয়ার মোট জনসংখ্যার ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ প্রেসিডেন্টের পদে পুতিনকে দেখার পক্ষে।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com