বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ : হোয়াইট হাউস

শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক:: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা তার এই উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মদদ আছে বলে অভিযোগ করেছেন। তবে তার এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ বলেও আখ্যায়িত করেছে দেশটি।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে মার্কিন জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। কোনো প্রতিবেদন বা গুজব যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল তা নিছক মিথ্যা।’

গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করায় হস্তক্ষেপ করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছেন।

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই।’

উল্লেখ্য, সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল শান্তি বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com