শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করেছে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচারা লাঠিসোঁটা নিয়ে আখতারুজ্জামানের ওপর হামলা চালায়। তাদের উপর্যুপরি লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
নিহত আখতারুজ্জামান গ্রেফতারকৃত মতিনের আপন ভাতিজা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় রফিকুল ইসলামের পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘ দিন ধরে জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।