রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সৌদিতে এখন থেকে সরকারি কাজ ইংরেজি ক্যালেন্ডারে

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দেশের সব সরকারি কাজে এখন থেকে হিজরি সনের পরিবর্তে গ্রেগরিয়ান (ইংরেজি) ক্যালেন্ডার ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব। তবে ইসলামি আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারই ব্যবহার করা হবে।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে এতদিন হিজরির পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দ্বিতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করে আসছিল দেশটি। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার হিজরি সন বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল দেশটি।

রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক।

তিনি আরব নিউজকে বলেন, সব ধরনের সরকারি কাজকর্মে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি বেশ ভালো একটি পদক্ষেপ। কারণ হলো বিশ্বের সব দেশই তাদের সব আইনকানুন, লেনদেন ও অন্যান্য কাজে এই ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।

ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক তালাত জাকি হাফিজ সৌদি সরকারের এই সিদ্ধান্তটিকে খুবই বুদ্ধিদীপ্ত বলে অবহিত করেছেন। তিনি বলেন, সারা বিশ্বে চলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সরকারের এ সিদ্ধান্ত দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com