বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সিন্ডিকেট মোকাবিলায় কাজ করে দেখাব- বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেট মোকাবিলায় কাজ করে দেখাব- বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ

বাজার সিন্ডিকেট মোকাবিলায় ‘সাউন্ডবাইট’ না করে কাজ করে দেখাব বলে মন্তব্য করেছেন নির্বাচিত বিএনপি সরকারের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে গতকাল সচিবালয়ে প্রথম অফিস করে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রমজান মাস ও পরবর্তী সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। পাইপলাইনেও পর্যাপ্ত পণ্য আছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণের সময়সীমা পেছাতে চায় নির্বাচিত সরকার। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আজকেই চিঠি যাবে ইআরডিতে। দেশিবিদেশি বিনিয়োগ হ্রাস পাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনিশ্চয়তার মধ্যে কোনো বিনিয়োগ আসে না। বিনিয়োগের প্রথম ও প্রধান শর্ত হলো একটি স্থিতিশীল পরিবেশ। বিনিয়োগকারীরা তখনই বিনিয়োগ করেন, যখন তারা নিশ্চিত হন যে তাঁদের পুঁজি ও শ্রমের বিপরীতে প্রত্যাশিত রিটার্ন পাওয়া যাবে।

তিনি বলেন, গত দুই অথবা তিন বছর ধরে বিনিয়োগ হচ্ছে না। এ বিনিয়োগ স্থবিরতা আমাদের জন্য বড় দায়। এ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারলে কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হতে পারে। আমাদের একটি কর্মক্ষম জনগোষ্ঠী আছে- যা কাজে লাগাতে পারি। একই সঙ্গে বিনিয়োগে আগ্রহী বেসরকারি খাতকে সহায়তা দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

রপ্তানি খাতে নিম্ন গতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনো অত্যন্ত সংকীর্ণ। বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র?্য আনতে হবে, নতুন পণ্য যুক্ত করতে হবে এবং নতুন বাজার সম্প্রসারণে জোর দিতে হবে। বাণিজ্যমন্ত্রীর পর বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও সাংবাকিদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com