শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারত মহাসাগরে বিপদে পড়া একটি নৌকা থেকে ১৮৫ রোহিঙ্গাকে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিপদগ্রস্ত আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু। নৌকাটির সবশেষ অবস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ছিল বলে জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী রয়েছেন। অন্তত এক ডজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক এবং একজন এরই মধ্যে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সময়মতো উদ্ধার করা না হলে উপকূলবর্তী দেশগুলোর চোখের সামনেই আরও অনেকে প্রাণ হারাতে পারে।
ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বলেছেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের জন্য এ অঞ্চলের সব উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। আরোহীরা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে প্রতি বছর হাজার হাজার মুসলিম রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করে। আর এটি করতে গিয়ে প্রাণ যায় অনেকের।