বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শ্রীনগরে টাইমবোমা সাদৃশ্য বস্তু ধ্বংস

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে টাইমবোমা সাদৃশ্য বস্তু ধ্বংস করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকায় পদ্মা নদীর তীরে লাল কষ্টেপে মোড়ানো ও ঘড়ি লাগানো টাইমবোমা সাদৃশ্য বস্তুটি ধ্বংস করা হয়।

এর আগের দিন রাত সাড়ে ১১ টা থেকে বস্তুটি ধ্বংস করার আগ পর্যন্ত ওই এলাকায় টাইমবোমা আতঙ্ক বিরাজ করে। খবর পাওয়ার পরপরই শ্রীনগর থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটির আশেপাশে সতর্ক অবস্থান নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিন উপজেলার মান্দ্রা গ্রামের মোঃ বেলায়েত হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা করেন। রাত সাড়ে ১১ টার দিকে তার স্ত্রী ইয়াসমিনকে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানানো হয় তার ঘরের পাটাতনের নিচে টাইমবোম রাখা আছে। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানালে স্থানীয় মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ওই রাতে কার্টনে মোড়ানো পলিথিন ব্যাগটি উদ্ধার করে নদীর পানিতে চুবিয়ে দেন। এসময় বারুদের মতো গন্ধ বের হলে স্থানীয়রা নিরাপদ দুরুত্বে চলে যায় এবং পুলিশে খবর দেয়। আজ বিকেল ৩ টার দিকে ঢাকা থেকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি ধ্বংস করে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, টাইমবোমা সাদৃশ্য বস্তুটি শক্তিশালী কিছু নয়। কেউ হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এটি করেছে। তবে ফোন কলের সূত্র ধরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com