বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শীর্ষ হামাস নেতা মারওয়ান ইসা নিহতের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইসরায়েলি হামলায় হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র।

মঙ্গলবার (২৬ মার্চ) এক টেলিভিশন বিবৃতিতে এ দাবি করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি। গত ১০ মার্চ যে সামরিক অভিযান চালানো হয়েছে তাতেই হামাসের শীর্ষ এই নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিশ্ব নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বানকে স্বাগত জানানোর ঠিক একদিন পরই এই খবর এলো।

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছিল যে ইসরায়েলি হামলায় ইসা নিহত হয়েছে। কিন্তু ইসরায়েল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, তারা ৯ থেকে ১০ মার্চের মধ্যে গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছিল। ওইখানে ইসার আস্তানা ছিল বলে দাবি করে তারা। তবে ইসা নিহতের বিষয়ে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন ইসা। তিনি হামাসের তৃতীয় বৃহত্তম নেতা ছিলেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৭৮৭ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com