শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার, ৩টি আসনেই বিএনপি প্রার্থীর বড় বিজয়

‎‎​লালমনিরহাট প্রতিনিধি ॥
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত ফলে দেখা গেছে, তিনটি আসনেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

‎​লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)- এই আসনে বিএনপি প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।

‎​লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ)- বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।

‎​লালমনিরহাট-৩ (সদর)- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ১ লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট।
‎​
‎নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় কেবল আমার নয়, এই বিজয় লালমনিরহাটের শোষিত ও বঞ্চিত সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের বিজয়। দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন ও ভোটাধিকার হরণের পর আজ মানুষ নির্ভয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। আমি আপনাদের পাহারাদার হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

‎​উল্লেখ্য, এবারের নির্বাচনে লালমনিরহাটের আসনগুলোতে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র লড়াই হলেও মাঠে সক্রিয় ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও লেবার পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

‎লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার কোনরকম বিশৃঙ্খলা ছাড়া জেলার সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সাধারণ ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com