বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রোজায় নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

রোজায় নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

অনলাইন নিউজ ডেস্কঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে নতুন সময়সূচি। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই সময়সূচি কার্যকর থাকবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত।

ডিএমটিসিএল গত ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

দিনভর যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে রাখা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা স্টেশন এলাকা কিংবা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণের অনুমতি থাকছে না।

সংস্থাটি আরও জানিয়েছে, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন এই ব্যবস্থা কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com