শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ রুশ কমান্ডার সের্গেই কোবিলাশ ও ভিক্টর সোকোলভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এক বিবৃতিতে মঙ্গলবার (৫ মার্চ) আইসিসি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
দ্য হেগে অবস্থিত আইসিসি জানিয়েছে, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে এই দুই কমান্ডার জড়িত ছিলেন। কমপক্ষে ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত তাদের অধিনস্ত সেনারাই এসব হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সে কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আইসিসির মতে, কোবিলাশ (৫৮) কথিত অপরাধের সময় রুশ বিমানবাহিনীর তথাকথিত দূরপাল্লার বিমানের কমান্ডার ছিলেন। অন্যদিকে সোকোলভ (৬১) রুশ নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন, যিনি কৃষ্ণ সাগর নৌবহরের সময়কালে কমান্ড করেছিলেন।
আইসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দ্বিতীয়বারের মতো এই নিয়ে রুশ কর্মকর্তাদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির ঘটনা ঘটলো।
আইসিসি এর আগে গত বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশুবিষয়ক কমিশনার মারিয়া লভোভা–বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
তবে বিশেষজ্ঞরা বলছেন, আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে রুশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আইসিসিকে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া। আইসিসিকে স্বীকৃতি না দেওয়ার তালিকায় আরও রয়েছে চীন, ভারত ও আমেরিকা। তবে বিশ্বের বিশ্বের ১২৩টি দেশ আইসিসিকে স্বীকৃতি দিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া।