শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর গ্রামে গতকাল রবিবার সন্ধ্যায় সোনিয়া আক্তার (৮) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে। মৃত সোনিয়া পদমপুর হাজিমোড় গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। সে পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঐ গ্রামের সোনিয়াসহ কয়েকজন শিশু আলু ক্ষেতে আলু কুড়াতে যায়। কুড়ানো আলু দিয়ে তারা বাড়ির অদূরে পিকনিক করে। পিকনিক খাওয়া নিয়ে সোনিয়া ও তার মায়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এতে সোনিয়া অভিমান করে এক পর্যায়ে সকলের অগোচরে তাদের বাড়ির একটি ঘরের শরের সাথে বড় বোনের পায়জামা দিয়ে গলায় ফাঁস দেয়। সোনিয়াকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সোনিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।