মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলাকায় সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সংগীতা রাণী ওই এলাকার মোহন চন্দ্র রায়ের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাবান্না ও খাওয়া-দাওয়া শেষে সংগীতার স্বামী কাজে বের হয়ে যান। পরে সংগীতা রাণী সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় দড়ি দেন বলে ধারণা করা হচ্ছে।
দুপুরের দিকে স্কুল থেকে ফিরে তাঁর মেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে দরজা খুলে তাঁকে ঘরের সরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “বাবা, আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের কোনো ক্ষমা নাই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানায়, চিরকুটের বিষয়বস্তুসহ অন্যান্য দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।