বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাপ্তি পাবে । তবে এই আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে । এজন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে যাচ্ছেন ।

মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই ঘোষণা দেন । তিনি জানান, তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ এই পরিকল্পনারই অংশ । অর্থনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ও এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে ।
জেলেনস্কি বলেন, পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা এবং তা এমনভাবে করতে হবে, যা ইউক্রেনের জন্য ন্যায়সংগত হবে ।

যদিও এই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করেননি জেলেনস্কি, তবে জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করবেন । তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করার কথা ভাবছেন । সেই সফরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন ।

জেলেনস্কি এই অধিবেশনকে পরবর্তী ‘ইউক্রেন শান্তি’ সম্মেলনের জন্য ব্যবহার করতে চান । যদিও শান্তি সম্মেলনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি । তবে ইউক্রেন চায় রাশিয়া এতে অংশগ্রহণ করুক ।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের পর কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার আহ্বান জানিয়েছেন ।

উল্লেখ্য, ইউক্রেনের সেনাবাহিনী ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে এবং তাদের দাবি, ইতোমধ্যে বেশ কিছু অঞ্চল ও বসতি দখলে নিয়েছে । তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com