বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

মিয়ানমারে বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মিয়ানমারের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১৮ মার্চ) এ কথা জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই অশান্ত হয়ে ওঠে দেশটি।

মুখপাত্র আরও বলেছেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সাথে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে।

এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উসকানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হয়েছে মুসলিম রোহিঙ্গারা। এর ফলে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই ২০১৭ সালে সামরিক দমন–পীড়নের পরে পালিয়েছে।

মিয়ানমারের সামরিক শাসকরা রোহিঙ্গাদের বিদেশি অনুপ্রবেশকারী মনে করে, তাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, শুক্রবার মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থার দারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ২৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com