শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
ঢাকা: চলমান নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, কিছু সুনির্দিষ্ট আসনে সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা সংকট
আসিফ মাহমুদ বলেন, “নোয়াখালী-৬ আসনসহ বেশ কিছু জায়গায় দলমত নির্বিশেষে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। মূলত ভোটাররা উপস্থিত হলে ‘শাপলাকলি’র বিজয় নিশ্চিত- এমন ভয় থেকেই একটি পক্ষ এই অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং এ ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা মোটেও আশানুরূপ নয়।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্পৃহতায় হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “গতকাল রাতে আমাদের প্রার্থীদের এজেন্ট ও সমর্থকদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও শারীরিক নির্যাতনের মতো সহিংস ঘটনা ঘটেছে। সংকটের সময় আমরা রিটার্নিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট এমনকি এসপিকেও ফোনে পাইনি। কিছু জায়গায় যোগাযোগ করা গেলেও কার্যকর কোনো সাড়া মেলেনি। প্রশাসনের দায়িত্ব যখন জনগণকে পালন করতে হয়, তখন তা রাষ্ট্রের জন্য দুঃখজনক।”
তরুণ ভোটারদের উচ্ছ্বাস
নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে এই নেতা বলেন, “বিগত দুটি নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। আমার মতো প্রায় চার কোটি তরুণ ভোটারের জন্য এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা। সারা দেশে মানুষ বাঁধভাঙা উল্লাস নিয়ে ভোট দিতে যাচ্ছে।”
বক্তব্যের শেষে তিনি নির্বাচন সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং প্রতিটি কেন্দ্রে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেটি নিশ্চিত করা জরুরি।