শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে গীর্জায় সন্ত্রাসী হামলার পর এবার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় বহু মুসল্লি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ জানিয়েছে। ভোরে নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘নিহতরা সবাই মুসলিম। বেশিরভাগই পুরুষ।’
স্থানীয় মিডিয়া জানিয়েছে, মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায়। তবে মসজিদে হামলায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বলে সামাজিক যোগাযেগ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে।