বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ জাতিসংঘের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেইসঙ্গে দেশটিতে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরত্বের ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপামর জনসাধারণ উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনও ছাত্র-জনতার দখলে চলে যায়। এমন অবস্থায় বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি।

এছাড়া বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাঁদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি সহিংসতার সমস্ত ঘটনার একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com