শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কন্ঠ : ভারতীয় ইন্ডিগোর একটি ফ্লাইট ১৩ ঘণ্টা দেরী হওয়ায় পাইলটকে কষে থাপ্পড় মেরেছেন এক যাত্রী। সেই থাপ্পড়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ফ্লাইট বিলম্ব হওয়ায় মাইকে এসে ঘোষণা দিচ্ছিলেন পাইলট। এমন সময় এক যাত্রী ক্ষুব্ধ হয়ে সিট ছেড়ে উঠে গিয়ে তাকে চড় বসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এয়ারলাইন্সের এক ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিমানটি দিল্লি থেকে গোয়ায় যাচ্ছিল। গতকাল রবিবার ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা ফ্লাইট বিলম্ব হয়। এতে ক্ষেপে যান ওই যাত্রী।
জানা গেছে, ওই যাত্রীর নাম সাহিল কাতারিয়া। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পাইলট। অফিসিয়াল মামলার করার প্রস্তুতি নিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ফ্লাইটের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট বিলম্বের কথা ঘোষণা করতেই তিনি নিজের আসন থেকে উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে চড় মারেন। গোটা ঘটনায় হতবাক হয়ে যান সবাই। অভিযুক্ত ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিমান চালানোর হলে চালাও, না হলে গেট খোল…।’