শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ফিলিপাইনে ভূমিধসে ৫৪ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও দে ওরো প্রদেশে সোনার খনির কাছে ভূমিধসের ঘটনার ৫ দিনে এখন পর্যন্ত অন্তত ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার প্রদেশের মাকো শহরে একটি সোনার খনির কাছে এই ভূমিধস হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাভাও দে ওরো প্রদেশের প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভূমিধসের ঘটনা ঘটার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩০০ জনের বেশি কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও অনেকেই আটকা পড়ে আছেন।’

আটকে পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘সে সম্ভাবনা খুবই কম। আমাদের উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। ওই এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।’

গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দাভাও দে ওরো প্রদেশ বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com