শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির কলোরাডো অঙ্গরাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি সমর্থকদের মার্কিন কংগ্রেসে হামলায় উসকানির অভিযোগে ট্রাম্পেকে অভিযুক্ত করেছে আদালত। খবর: রয়টার্স।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কলোরাডো সুপ্রিম কোর্টে বিচারকদের ৪-৩ ভোটে ট্রাম্পকে নির্বাচনের জন্য অযোগ্য হিসেবে রায় দেয়া হয়।
আদালতের রায়ে বলা হয়, ‘আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই অভিমত ব্যক্ত করেছেন ট্রাম্প মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার আলোকে প্রেসিডেন্টের পদ গ্রহণে অযোগ্য।’
এদিকে ট্রাম্পের আইনজীবীরা বলছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ট্রাম্পের আইনি মুখপাত্র আলিনা হাব্বা বলেছেন, ‘কলোরাডো সুপ্রিম কোর্টের জারি করা রায়টি এই দেশের গণতন্ত্রে আক্রমণের শামিল। আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এই অসাংবিধানিক আদেশ প্রত্যাহার করবে।’
প্রসঙ্গত, আদলতের এই রায় শুধু কলোরাডো অঙ্গরাজ্যের আগামী ৫ মার্চে প্রাথমিক রিপাবলিকান নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখবে। তবে আদালতের রায় ট্রাম্পের জন্য আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভে বড় বাধার কারণ হতে পারে। কারণ মার্কিন নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের রয়েছে ১০ ভোট। এছাড়া এই রায়টি বহাল থাকলে হয়তো অন্য অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্প নিষিদ্ধে রায় আসতে পারে।
অন্যদিকে কলোরাডো আদালতের রায় নির্বাচনে কিছুটা প্রভাব পরলেও ট্রাম্পের জন্য আশার সংবাদ হচ্ছে এখন পর্যন্ত দেশটিতে যত জরিপ হয়েছে, সব কটিতেই এগিয়ে ট্রাম্প।
উল্লেখ্য, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর এই পর্যন্ত ট্রাম্পের নামে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২০২০ নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র, মার্কিন কংগ্রেসে হামলায় উসকানি, সরকারি নথি সংগ্রহে রাখা , করে ফাঁকি এবং নারী কেলেঙ্কারি। সবগুলো মামলাই এখনো চলামান রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে মামলা মোকাবিলা করে যাচ্ছেন ৭৭ বছর বয়সি সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।