বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নিরাপত্তারক্ষীর নিষেধ সত্ত্বেও মোবাইল মার্কেটে টিকটক ভিডিও ধারণ চালিয়ে যাচ্ছিলেন এক টিকটকার । এ সময় তাকে ভিডিও বন্ধ করে জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও জায়গা ছাড়েননি তিনি । পরে মেজাজ হারিয়ে একপর্যায়ে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে বসেন নিরাপত্তারক্ষী । যাতে মৃত্যু হয় ওই টিকটকারের । ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচির উত্তর নাজিমাবাদ এলাকার এক মোবাইল মার্কেটে ।
এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সারিনা মোবাইল মার্কেটে । এ সময় এক টিকটকার একটি ভিডিও রেকর্ড করছিলেন । নিরাপত্তারক্ষী তাকে রেকর্ডিং বন্ধ করতে বলে অবিলম্বে স্থান ত্যাগ করার কথা বললেও তা মানেননি তিনি, যা রাগিয়ে তুলে ওই নিরাপত্তারক্ষীকে । পরে রাগ সামলাতে না পেরে নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকা অস্ত্র বের করে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে দেন নিরাপত্তারক্ষী ।
এ ঘটনায় ওই টিকটকার ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ । পরে তার মরদেহ অফিসিয়াল প্রক্রিয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং নিরাপত্তারক্ষীকে আটক করে । এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।