শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
পার্বত্য এলাকা আর শিক্ষা ক্ষেত্রে পিঁছনে পড়ে থাকবে না, পাহাড়ের জন্য যা যা প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে আগামী দিনে বাস্তবায়িত হবে এমনটাই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বুধবার সকালে বান্দরবানের অরুণ সারকি টাউন হলে শিক্ষার জন্য আলো ও সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আরো বলেন, বান্দরবানে আবাসিক বিদ্যালয় হবে, বান্দরবান বিশ^বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে আর এখানে পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট ও হবে। তিনি এসময় আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যময় এই পার্বত্য জেলা বান্দরবানে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা ছুটে আসবে এবং শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ভর্তি হয়ে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি পার্বত্য এলাকায় শীঘ্রই শিক্ষক সংকট দূর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্যে রাখতে গিয়ে বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে পাহাড়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারসহ শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার জন্য আলো ও সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।