বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ

পাঞ্জাবে নির্বাচন ১৪ মে

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের নির্বাচন ১৪ মে আয়োজন করার নির্দেশ দিয়েছেন। এছাড়া পাঞ্জাব ও খায়বার পাকতুনখাওয়া প্রদেশ দুটির নির্বাচন স্থগিত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ হিসেবেও ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের দায়ের করা পিটিশনের ব্যাপারে দেয়া রায়ে এই সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। ফলে এই রায় ইমরান খানের জন্য বিরাট এক জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন অর্থনৈতিক সঙ্কটের কারণে নির্বাচন আয়োজনে তহবিল প্রদান করতে সরকারের অস্বীকারের প্রেক্ষাপটে পাঞ্জাবের নির্বাচন ৩০ এপ্রিল থেকে পিছিয়ে ৮ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছিল।

প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

আগাম জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জোরদার করতে পিটিআই গত জানুয়ারিতে তাদের নিয়ন্ত্রিত পাঞ্জাব ও খায়বার পাকতুনখাওয়ার প্রাদেশিক পরিষধ ভেঙে দিয়েছিল। এক বছর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসৃত হওয়ার পর থেকেই ইমরান খান আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।

পাকিস্তানে ঐতিহাসিকভাবে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন একসাথে হয়ে থাকে। অবশ্য আইন পরিষদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে বাধ্য।

পাকিস্তানে শাহবাজ শরিফের সরকারের সাথে বিচার বিভাগের মারাত্মক দ্বন্দ্বের মধ্যে সুপ্রিম কোর্ট এই রায় দিলো। গত সপ্তাহে সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করে একটি আইন পাস করে।

সূত্র : আল জাজিরা ও জিও নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com