শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে নির্বাচিত আইন প্রণেতাদের (এমএনএ) শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের ১৬তম জাতীয় পরিষদের (এনএ) প্রথম অধিবেশন। খবর ইসলামাবাদ পোস্টের।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত এমএনএদের শপথবাক্য পাঠ করান স্পিকার রাজা পারভেজ আশরাফ।

নতুন শপথ গ্রহণকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন- পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) সহ প্রধান দলগুলোর নির্বাচিত এমপিরা।

এসময় পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট শেহবাজ শরীফ, পিপিপি-এর কো-চেয়ারম্যান আসিফ জারদারি, চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি, পিটিআই চেয়ারম্যান গহর খান এবং মাওলানা ফজলুর রহমান মতো শীর্ষ রাজনীতিবিদদেরকে শপথ নিতে দেখা গেছে।

তবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগদানকারী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত আইন প্রণেতারা শপথ গ্রহণের আগে নির্বাচনে কথিত কারচুপির অভিযোগে পার্লামেন্টে প্রতিবাদ জানায়। এসময় হট্টোগোল শুরু হয়। পরে পিটিআই আইনপ্রণেতাদের শান্ত এবং সকল সদস্যদের শপথ পাঠ করান স্পিকার।

শপথ নেওয়ার সাথে সাথে পিটিআই-এসআইসি আইনপ্রণেতারা স্পিকারকে বলেন, তাদেরকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি দিতে হবে। কিন্তু অনুরোধ প্রত্যাখ্যান করে স্পিকার তাদের জানান, সংসদ হিসেবে নির্ধারিত রেজিস্ট্রি খাতায় নিবন্ধনের পর তারা পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে পারবেন।

আগামীকাল ১ মার্চ জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন নবনির্বাচিত এমপিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com