মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

পহেলা ফাল্গুনে বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আনন্দ উৎসব বৃদ্ধাশ্রম

নড়াইল প্রতিনিধি॥
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ব্যতিক্রমী আনন্দ উৎসবে মেতে উঠলেন নড়াইলের বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধরা। এ উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা, কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, খেলাধূলা, পুরস্কার বিতরণ ও গানের আয়োজন করা হয়। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সদরের গোপিকান্তপুর গ্রামে ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে নবীন-প্রবীণের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সাজ-সজ্জায় আলোকিত করা হয় গোপিকান্তপুর গ্রামের ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ-নিস্তব্ধতা ভেঙ্গে শুরু হয় আনন্দ-উৎসব। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি গান গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। এছাড়া বেলুন ফাটিয়ে আনন্দে উৎফুল্ল নবীন-প্রবীণরা।

এ ব্যাপারে বৃদ্ধাশ্রমের আফাজ উদ্দিন, আরতি ধরসহ বিভিন্ন বয়সের প্রবীণরা বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ছেলে-মেয়েরা ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের এইদিনে আমাদের মাঝে কেক কেটেছে, নতুন পোশাক উপহার দিয়েছে। এছাড়া উন্নতমানের খাবার, খেলাধূলা ও পুরস্কৃত করে আমাদের মনে ক্ষণিকের জন্য হলেও আনন্দের দোলা দিয়েছে। এ সময় ফেলে আসা রঙিন দিনগুলোর কথাই স্মৃতিপটে ভেসে ওঠে। এই আয়োজনে মুগ্ধ আমরা।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, উৎসবমুখর নির্বাচন পরবর্তী বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে আমরাও প্রবীণদের নিয়ে আনন্দ উৎসবে মেতেছি। বৃদ্ধাশ্রমে সময় কাটিয়েছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করে আসছি। সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি আমরা। পারিবারিক সহযোগিতা এবং পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের ৪৫ জন সদস্য সবসময় মানবিক কাজ করে যাচ্ছে। বৃদ্ধাশ্রমের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সংগঠনের সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতী চক্রবর্তী, লিজা, সৈয়দ পিয়াসসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com