সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধাসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে ৬০ বছর বয়সী বেদেনা নামের এক বৃদ্ধা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর পূর্ব বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷

এ ঘটনায় ওই দিন রাতেই স্থানীয় একই গ্রামের বাসিন্দা দেলু বেপারী, ইফাত হোসেন, মো. জাহিদ ও ইরিনা আক্তারের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে আহত বেদেনা বেগমের ছেলে মো. রানা৷

অভিযোগে বলা হয়, ‘বাচ্চাদের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. রানার ছেলে মো. ইউসুফ(০৮) এবং তাঁর ভাগিনা মো. মুসা(০৮)কে মারধর করেন অভিযুক্তরা৷ তাৎক্ষণিক এ ঘটনা দেখে এগিয়ে গেলে তার মা বেদেনা বেগম, স্ত্রী রোজিনা আক্তার, চাচী মিনু আক্তার ও ছোট বোন লাখী আক্তারের উপর হামলা চালানো হয়। এতে, লাঠিসোঁটা ও এসএস’র পাইপ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বেদেনা বেগম গুরুতর আহত হয়ে পড়ে৷

অভিযোগে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়৷ পরে, প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়৷ এছাড়া আহত অন্যরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নেয়৷ বেদেনা বেগমের এক হাতের কবজি ভেঙে গেছে এবং কোমরেও মারাত্মক আঘাত পেয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা মুঠোফোনে বলেন, ‘ গুরুতর আহত ব্যক্তি বেদেনা বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com