সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সারাদেশে ভয়াবহহারে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া নারীদের প্রতি বিভিন্ন সহিংসতায় ক্ষুব্ধ। এসব ঘটনায় দ্রুত বিচার চান।

এ সময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা আরও জানান, নারী নিপীড়নের প্রতিবাদে তারা প্রথমে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

আয়োজকেরা বলছেন, দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘিরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com