শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার পাশের উপজেলা দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন পেশার সমন্বয়ে গঠিত পেশাজীবি পরিষদের আয়োজনে শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করে। এসময় দুটি উপজেলায় কর্মকরত এবং ঢাকায় অবস্থানকারী পেশাজীবীরা উপস্থিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. সেলিম মিয়া। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, উপসচিব কৃষ্ণেন্দু সাহা, নবাবগঞ্জ গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের সভাপতি সাবেক জজ আবুল হোসেন খন্দকার, সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক মনিরুজ্জামান মুক্তি, ঢাকা রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়ার আগে সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি সংসদ সদস্য আবু আশফাক বলেন, পেশাজীবীদের সংগঠন যে কোনো সমাজে উন্নয়নের ধারাবাহিকতাকে বেগবান করে। দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে এলাকার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করবে এটাই প্রত্যাশা।

তিনি সকলকে এলাকার সার্বিক উন্নয়ন ও জীবনমান সৃশৃংখল করতে একটি মজবুত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, যে কোনো ভাল কাজে আমার সম্পৃক্ততা থাকবে। এছাড়া তিনি ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত দোহার নবাবগঞ্জের সকল শিক্ষিত জনগোষ্ঠীকে এলাকার মানুষের পাশে দাড়িয়ে কাজ করার জোর অনুরোধ করেন।
দীর্ঘদিনপর এলাকার মানুষের সাথে দেখা হওয়ায় ইফতারের ভাবগাম্বীর্যতা ছাড়িয়ে সবাই হাশিখুশিতে একে অপরের সাথে সৌহার্দ ও কুশল বিনিময় করেন। এসময় এক আনন্দঘন মনোরম পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রায় কয়েকশত পেশাজীবী অংশ নেয়। পরে ইফতার শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এসময় দোহার নবাবগঞ্জের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।