বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়িয়েছে। এবার স্বর্ণের দামে দেশের বাজারে নতুন রেকর্ড হয়েছে।
নতুন এই দাম আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৯০ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে আরও পরিবর্তন আসতে পারে। এদিকে দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।