শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ঢাকা-২০: ধামরাইয়ে তমিজ উদ্দিনের বিশাল জয়

নিজস্ব প্রতিবেদক, ধামরাই, ডেস্ক রিপোর্ট ॥
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন। ধামরাইয়ের ১৪৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

ফলাফলের পরিসংখ্যান: নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ধামরাইয়ের সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। ফলে ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের এক বিশাল ব্যবধানে জয়ী হন বিএনপি মনোনীত এই প্রার্থী।

উল্লেখ্য, এই আসনে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি এবং ‘না’ ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।

বিজয়ীর প্রতিক্রিয়া: বিপুল ব্যবধানে জয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এই বিজয়কে ধামরাইয়ের আপামর জনতার বিজয় হিসেবে উৎসর্গ করেন। তিনি বলেন: “এই জয় ধামরাইবাসীর। আমি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি বজায় রাখা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাব।”

এলাকার ভোটাররা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ধামরাই গড়ার প্রত্যাশা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com