বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
একব্যক্তি প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন কাছে এগিয়ে গিয়ে তাকে আঘাত করে আন্তর্জাতিক ডেস্ক:: রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে একব্যক্তি প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন কাছে এগিয়ে গিয়ে তাকে আঘাত করে। এতে প্রধানমন্ত্রী পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেন।
এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সমর্থকদের অভ্যর্থনা জানানোর সময় হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন। সেই হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
এদিকে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে তার কার্যালয়। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এই ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এই হামলাকে ‘ঘৃণ্য কাজ’ অভিহিত করে বলেছেন, এই হামলা এমন একটি কাজ যা আমাদের বিশ্বাস এবং ইউরোপে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি তার বিরুদ্ধে যায়।
পুলিশ বলেছে, তারা একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে, তবে এর বেশি কিছু বলতে তারাও রাজি হয়নি। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বিবিসি বলছে, ইইউ পার্লামেন্ট নির্বাচনে ডেনমার্কের ভোটের দুই দিন আগে এই হামলার ঘটনা ঘটল।
ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাটরা। তারা এখনও নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তাদের সমর্থন অনেকটাই কমে গেছে।