বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে অবৈধভাবে আনা ৩৭৩ লিটার জ্বালানি তেল ঢাকার কেরানীগঞ্জে জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে খোলা বাজারে বিক্রির সময় আরও ৪৪ লিটার অকটেন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন নড়ন্ডী মোড় ও বামনশুর খেলার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়ন্ডী মোড় এলাকায় অভিযান চালিয়ে বোতলে ভরে খুচরা অকটেন বিক্রির সময় ৪৪ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ সময় বিক্রেতা মো. জাকির (৩২) কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বামনশুর খেলার মাঠ এলাকায় ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি বন্ধ দোকানে অভিযান চালানো হয়। দোকানটির তালা ভেঙে ভেতরে অবৈধভাবে মজুদ রাখা ২৪৩ লিটার অকটেন ও ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক জাবের হোসেন ওরফে শিপলুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, জাবের হোসেন শিপলু দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে অবৈধভাবে ব্যারেলভর্তি অকটেন ও ডিজেল এনে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ কাজে ফতুল্লা এলাকার শাহীন ওরফে ‘ওয়েল শাহীন’ নামে এক ব্যক্তি তাকে জ্বালানি সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল মজুদ করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত ৪১৭ লিটার জ্বালানি তেল কেরানীগঞ্জের নুর ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ছাড় দেওয়া হবে না। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com