সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

টানা ৯ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

টানা ৯ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক, একুশেরে কণ্ঠ:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব উঠতে পারে। এটি অনুমোদন হলে এবার ঈদে টানা ৯ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ মার্চ সোমবার চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।

অন্যদিকে,আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগের সুযোগ মিলতে পারে।

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com