শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ভোটদান শেষে তারেক রহমান গণমাধ্যমকে বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ আজকের এই দিনটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন। আমি আশা করি, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।”

নির্বাচনী পরিবেশ ও গত রাতের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, রাতে দেশের কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়েছে, যা ইতিবাচক। ভোটার ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন। মানুষ যদি সারাদিন কেন্দ্রে এসে তাদের অধিকার রক্ষা করেন, তবে ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি এবং আমার দল বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

ভবিষ্যৎ পরিকল্পনা ও নারী ক্ষমতায়ন
সরকার গঠন করলে অগ্রাধিকার কী হবে- এমন প্রশ্নে তারেক রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে প্রধান লক্ষ্য। তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে দেশে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের প্রথম কাজ।” এ সময় তিনি নারী উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, “দেশের অর্ধেক জনবলই নারী। তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সরকার গঠনের প্রথম দিন থেকেই নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নে কাজ শুরু করা হবে।”

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে রাজি হননি তিনি। তারেক রহমান বলেন, “নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, তা এখনই বলা সমীচীন হবে না। পরিস্থিতি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমি মন্তব্য করব।”

সবশেষে তিনি একটি সুন্দর ও স্থিতিশীল আগামীর জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com