সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: চীনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যা ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়।

বুধবার নগরীর আবহাওয়া সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপির।

বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ডকসুরি আঘাত হানার পর গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। এর পর উত্তর দিকে চলে যায় ঝড়টি। ঝড়ের প্রভাবে শনিবার চীনের রাজধানী এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়।

বেইজিংয়ে মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে বলে খবরে বলা হয়।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, ভারী বর্ষণে বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

সম্প্রচার কেন্দ্রটি আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়, রাজধানীর পার্শ্ববর্তী হেবেই প্রদেশে আট লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সেখানে নয়জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে।

সপ্তাহান্তে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরো দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com