রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেল-গ্যাসের ৮ জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেল-গ্যাসের ৮ জাহাজ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে তেল-গ্যাস নিয়ে আসা ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে।

বন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও চারটি জাহাজ।

চট্টগ্রাম বন্দরের সচিব আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে। খুব শিগগিরই সেগুলো থেকে তেল ও গ্যাস খালাসের কার্যক্রম শুরু করা হবে।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি ইতোমধ্যে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে, যাতে মজুত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ওই পথ ধরে যেসব জাহাজ পরে যাত্রা করার কথা ছিল, সেগুলোর অধিকাংশই বর্তমানে সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে।

তবে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলো ধীরে ধীরে বাংলাদেশের বন্দরে পৌঁছাতে শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জাহাজ পৌঁছানোর ফলে আপাতত দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com