শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে গাড়িতে তুলে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

কেরানীগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে মারধর করে নগদ সাড়ে তিন লাখ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী খোকন বেপারী (৪৮) পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেট আন্ডারগ্রাউন্ডের ৭২ নম্বর দোকান ‘ব্যাপারী বস্ত্র বিতান’ এর স্বত্বাধিকারী। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নতুন বাজার এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রাতে খোকন বেপারীর ভাই আশরাফ মিয়া বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে খোকন বেপারী কেরানীগঞ্জের আলম মার্কেট এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে চুনকুটিয়া চৌরাস্তা সড়কে যান। সেখানে তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা চালক ও এক যাত্রী তাঁর কাছে গিয়ে কোথায় যাবেন জানতে চান। তিনি শ্রীনগর যাবেন জানালে তাঁকে গাড়িতে ওঠানো হয়।

কিছু দূর যাওয়ার পর গাড়িতে আরও দুই ব্যক্তি ওঠেন। একপর্যায়ে যাত্রীবেশে থাকা চার দুর্বৃত্ত কাপড় দিয়ে খোকন বেপারীর চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলেন। এরপর লোহার হাতুড়ি ও চাপাতির ভোঁতা অংশ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, একটি স্মার্টফোন (মূল্য প্রায় ২০ হাজার টাকা) ও একটি নকিয়া বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়।

মামলার বাদী আশরাফ মিয়া বলেন, দুর্বৃত্তরা সাড়ে তিন লাখ টাকা ও মুঠোফোন নেওয়ার পরও ভাইকে ফের মারধর করে মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর দোকানের কর্মচারীকে ফোন করতে বাধ্য করে। কর্মচারী পাভেল ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে ১৬ হাজার টাকা পাঠালে দুর্বৃত্তরা তা ক্যাশ আউট করে নেয়।

পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা প্রাইভেটকারে বিভিন্ন স্থানে ঘোরানোর পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মুনসুরাবাদ বাজার এলাকায় চলন্ত গাড়ি থেকে তাঁর ভাইকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমাদর খবর দেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, মারধরের কারণে ভাইয়ের পিঠ, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে। আমরা ওই দৃর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com