রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
মেহেদী হাসান রুবেল, সীতাকুণ্ড থেকেঃ
অবৈধভাবে সড়কের পাশে যানবাহন পার্কিংয়ের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় কেডিএস ডিপোর সামনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘ সময় ধরে থেমে থেমে যানজট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কেডিএস ডিপো এলাকায় মহাসড়কের দুই পাশে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও কনটেইনারবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় সড়কের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য যানবাহনের চাপেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে যেখানে কয়েক মিনিট লাগে, সেখানে এখন ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে যাতায়াতকারী ব্যক্তিরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ যানজটের কারণে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। মালামাল পরিবহনে বিলম্ব হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এলাকাবাসীর দাবি, কেডিএস ডিপোর সামনে মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। অন্যথায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল আরও বিপর্যস্ত হয়ে পড়বে। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।