বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ওমরাহ পালন করতে গিয়ে ফিরে পেয়েছেন ১১ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ ।।
সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ১১ বছর আগে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছেন এক মা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধে ভয়াবহ বোমা হামলার শিকার হয় শিশু সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের পুরো গ্রাম। নিহত হন শত শত মানুষ। সে সময় থেকেই কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট্ট সাফওয়ান আনসারীকে।

হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই বড় করে তাকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালক দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের মা। সেখানে নাটকীয়ভাবে তাদের দেখা হয়। সাফওয়ানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের খোঁজের। মা-ছেলের দেখার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এজন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিল পরিবারটি।

অবশেষে সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিল। বিষয়টি তাদের জানানোর পর মা-সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। সৌদির রিয়াদে ঘটা এ ঘটনার পর অনেকে বলছেন, এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনার ফল।

সূত্র : গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com