শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: অবরুদ্ধ গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধে আরো পদক্ষেপ গ্রহণ করার জন্য বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। আবেদনে ইতোপূর্বে ইসরাইলের প্রতি যেসব নির্দেশ দেয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি কঠোরতার কারণে গাজায় ভয়াবহ মাত্রায় খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এতে ৮৫ হাজারের বেশি ফিলিস্তিনি আগামী ছয় মাসে ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে জানায় যে ইসরাইলি সামরিক বাহিনীর গণহত্যা চালানোর কারণে ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু ও নবজাতকরা চরম অবস্থার মুখে রয়েছে। এমন অবস্থায় আদালতের কাছ থেকে আরো কিছু পদক্ষেপ কাম্য।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার আনা ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে ২৬ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশে ইসরাইলকে গণহত্যা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। এছাড়া গাজায় আরো বেশি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতেও বলেছিল।
দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে ইসরাইল আদালতের ওই আদেশ পালন করেনি। বরং ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যামূলক অপরাধ আরো বেগমান করেছে।
হেগের আদালতে দক্ষিণ আফ্রিকার এই আবেদনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে গাজায় দুর্ভিক্ষ প্রায় আসন্ন। কেবল গত সপ্তাহেই খাবারের অভাবে অন্তত ২০ ফিলিস্তিনি শিশু মারা গেছে।
রাফায় ইসরাইলি বাহিনীর হামলার ব্যাপারে আদালতের নির্দেশনা চেয়েছে দক্ষিণ আফ্রিকা।
সূত্র : আরব নিউজ, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য