শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডেস্ক ॥
রাজধানী ঢাকা সচল থাকে নানা সরকারি ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততায়। আজ শনিবার (১৪ মার্চ) জনগুরুত্বপূর্ণ একাধিক অনুষ্ঠানের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ও বাড়তি জনসমাগমের সম্ভাবনা রয়েছে। বিড়ম্বনা এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে দেখে নিন আজকের উল্লেখযোগ্য সূচি:
প্রধানমন্ত্রীর কর্মসূচি
আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রাজনৈতিক অঙ্গন
১১ দলীয় ঐক্যের বৈঠক: সকাল ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন জোটের নেতারা।
তথ্যমন্ত্রীর কর্মসূচি: মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ইফতার ও ঈদ উপহার বিতরণ
জাতীয় সংসদ ভবন এলাকা: বিকেল সাড়ে ৪টায় ড্যাব (DAB)-এর আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
আইইবি অডিটোরিয়াম: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি)-এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
সেগুনবাগিচা: রয়েল ইন ঢাকা সিটি ভিউ টাওয়ারে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরিবহন ও ঈদযাত্রা পর্যবেক্ষণ
টার্মিনাল পরিদর্শন: আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুপুর সাড়ে ১২টায় গুলিস্তান বাসস্ট্যান্ড এবং দুপুর ২টায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ডিএমপির মতবিনিময়: বেলা পৌনে ১১টায় গাবতলী বাস টার্মিনালে পরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবেন ডিএমপি কমিশনার মো. সারওয়ার এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
দৃষ্টি আকর্ষণ: এসব কর্মসূচির প্রভাবে গুলিস্তান, সায়েদাবাদ, গাবতলী, প্রেসক্লাব ও ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন এলাকায় যান চলাচলে ধীরগতি হতে পারে। যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।