শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নিজ্স্ব প্রতিনিধি,নবাবগঞ্জঃ স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। অসাম্প্রদায়িক সমাজ গড়তে কাজ করতে চাই। দেশের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে পথ চলাই বিএনপির আদর্শ। তারেক রহমানের নেতৃত্বে সেই আদর্শ বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।
শুক্রবার সন্ধ্যায় নবাবগঞ্জের কলাকোপা রথখোলা মন্দিরে উপজেলার ১৯০টি পূজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এ কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্তি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, আমার জম্মের পরে শিশু ও কৈশোরকাল কেটেছে হিন্দু মাসিদের কাছে। কারণ আমার গ্রামের চারপাশ দিয়েই তাঁদের বসবাস ছিলো। ছোট বেলায় মাসিদের হাতের প্রসাদ খেতে বাড়ি বাড়ি যেতাম। এদেশের হিন্দু সম্প্রদায়কে সারা জীবনই সম্মানের দৃষ্টিতে দেখে পাশে থেকেছি।
আগামীদিনে তার কোনো ব্যতয় ঘটবে না। দোহার নবাবগঞ্জে প্রায় লক্ষাধিক হিন্দু ভাই বোনদের বসবাস। আমি ধর্মের দিক দিয়ে মানুষকে বিচার করি না। তাঁদের কর্মই আমার কাছে বড়। আপনারা বিগত আওয়ামীলীগ আমলে আমাকে উপজেলা নির্বাচনে একাধিকবার বিজয়ী করেছেন। হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশী ভোট পেয়েছি। সেই আস্থা আমার আছে।

আশফাক বলেন, আগামী ১২তারিখ ভোট হবে। আপনারা দাদারা দিদিরা সবাই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক ও সাম্যের জয়যাত্রার। যে দেশে কোনো মব সন্ত্রাসীর জায়গা হবে না। রাস্তাঘাটে কেউ হামলা করবে না। অফিসে গিয়ে কেউ আগুন দিবে না। ভাংচুর করবে না। সেই সুন্দর সমাজ গড়তে আসুন বিএনপিকে জয়ী করে স্থিতিশীল সমাজ নির্মাণ করি।
বিএনপির এ প্রার্থী বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। আপনারা জানেন ভাষাকেও একটি গোষ্ঠি কেড়ে নিতে চেয়েছিলো। স্বাধীনতা তো মানেই না। এবার বুঝুন তারা ক্ষমতায়ে এলে আগামীতে কি হবে। এ সময় হিন্দু নেতারা বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয় করে দেশকে এগিয়ে নিতে পাশে থাকবেন।
সভায় ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, শিক্ষক অজিত বাবু, স্বপন কুমার তালুকদার, ব্যাংকার সমির চন্দ্র গোস্বামী, সমীর মন্ডল, মহন্ত হালদার প্রমুখ। এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের ১৯৫টি পূজা কমিটির সবাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।